শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, টেলিভিশন ও গণমাধ্যমে এই খবরটি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই।

ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আনুষ্ঠানিক আবেদন করেছেন বলে জানা গেছে। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল ভারত থেকে তার পাসপোর্ট ও এনআইডির জন্য প্রথম আনুষ্ঠানিক আবেদন।

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি বিদেশে অবস্থান করলে তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইন ও প্রত্যর্পণ চুক্তি রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশের কাছে তাকে আইন অনুযায়ী হস্তান্তরের জন্য পত্র পাঠানো হয়েছে। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ ও মামলার প্রেক্ষিতে সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান সরকারের অবস্থান হলো, আইন মেনে এবং আন্তর্জাতিক চুক্তির আওতায় পলাতক অপরাধীদের বিচার নিশ্চিত করা।