সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানি। হোয়াইট হাউসের প্রকাশিত কর্মসূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কূটনৈতিক ও উচ্চপর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার থাকছে না। এছাড়াও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আলাদা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন নানা বাধার মুখে, তখন এই বৈঠক হতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার।
ইরানের পরমাণু কর্মসূচি ও চলমান উত্তেজনা প্রশমনে দুই পক্ষের মধ্যেকার মতপার্থক্য ঘোচাতে দেশটির সরকার তৎপর রয়েছে। তবে এই উদ্যোগের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার আগে রবিবার তিনি সাংবাদিকদের বলেন, ইরান যে শর্তগুলো সামনে এনেছে তা যুক্তরাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য। তিনি বিষয়টিকে হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত বলে অভিহিত করেন এবং সহসাই সংকটের স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেন। প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও।
মার্কো রুবিও আরও জানান, ট্রাম্প প্রশাসন সংকটের কূটনৈতিক সমাধানই বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প নিজে রবিবার এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন, যদি আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তবে ইরানে নতুন করে কোনো সামরিক অভিযানের প্রয়োজনীয়তা থাকবে না। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পরিস্থিতি যদি নতুন করে সংঘাতের দিকে মোড় নেয়, তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে। ট্রাম্প আরও যোগ করেন, প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা সেতুকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরছে কাতার। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে বলে জানান ট্রাম্প।

