দেশের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বাংলাদেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা। দায়িত্ব পাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এর আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
এই নিয়োগের ফলে সালাহউদ্দিন নোমান পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন। ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করা আসাদ আলম সিয়ামকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

