বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটনের দাবি, এসব দেশ নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দেওয়ায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করেছে, যার ফলে বাজারে সস্তা পণ্য সরবরাহ বেড়ে মার্কিন উৎপাদকরা ক্ষতির মুখে পড়ছেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার খুব শিগগিরই এ বিষয়ে পরিচালিত তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তালিকাভুক্ত ১৬টি দেশ ও জোটের তালিকায় বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে চলতি বছরের ১১ই মার্চ এই তদন্ত প্রক্রিয়া শুরু করে ইউএসটিআর। গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের পূর্ববর্তী বৈশ্বিক শুল্ক মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করার পর বিকল্প পদক্ষেপ হিসেবে এই নতুন শুল্ক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদা শুল্কহার নির্ধারণের চিন্তা থাকলেও মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক শুল্ক কার্যকর না-ও হতে পারে। এছাড়া যেসব দেশের সাথে নির্দিষ্ট বাণিজ্য চুক্তি বহাল রয়েছে, ওয়াশিংটন সেসব ক্ষেত্রে নির্ধারিত শুল্কসীমা বজায় রাখতে পারে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ শুল্কসীমা নির্ধারিত রয়েছে। আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত চীনের ক্ষেত্রে শুল্ক বিরতি থাকায় ২০ শতাংশ সীমা বহাল থাকতে পারে, তবে নির্দিষ্ট মেয়াদ শেষে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত খাতগুলো সম্ভাব্য এই শুল্কের আওতামুক্ত থাকতে পারে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ সীমা রয়েছে। নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়।

প্রাক্তন মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেনুস উল্লেখ করেছেন, শিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জেরে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক সুপারিশ করা হতে পারে। উল্লেখ্য, জোরপূর্বক শ্রম বিষয়ক তদন্তের পর গত জুলাইয়ে ইউএসটিআর এই ১৬টি দেশসহ একাধিক অংশীদারের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যার সাথে নতুন এই সিদ্ধান্ত যুক্ত হতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে দরকষাকষি চালানো ভারত মার্কিন বাজারে বাংলাদেশ বা ভিয়েতনামের মতো প্রতিবেশীদের চেয়ে কম শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য এই শুল্ক নীতিকে দায়ী করছেন দেশটির নাগরিকরা; নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পর রয়টার্সের সমীক্ষায় দেখা গেছে ৬২ শতাংশ মার্কিন জনগণ শুল্ক বাতিলের পক্ষে মতামত দিয়েছেন।