রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তরের সঠিক নীতিমালা জরুরি

স্বাধীনতার পরবর্তী সময়ে জাতীয় অর্থনীতির প্রসার, কর্মসংস্থান তৈরি এবং গুরুত্বপূর্ণ পণ্যের বাজারে নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্য নিয়ে শিল্পকারখানাগুলো জাতীয়করণ করা হয়েছিল। কিন্তু সময়ের পরিক্রমায় অভিজ্ঞতার অভাব, রাজনৈতিক প্রভাব বিস্তার, অনিয়ম ও দুর্নীতির কারণে অধিকাংশ সরকারি কারখানা রুগ্‌ণ হয়ে পড়েছে। আধুনিকায়নের অভাবে উৎপাদন সক্ষমতা না বাড়ায় এসব কারখানা সরকারের জন্য এখন বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। কেবল ২০২৩-২৪ অর্থবছরই শিল্প মন্ত্রণালয়ের অধীন চিনি, খাদ্য, সিমেন্ট, ইস্পাত ও রাসায়নিকসহ বিভিন্ন খাতের কারখানাগুলোতে দুই হাজার কোটি টাকার বেশি লোকসান হয়েছে।

এই বাস্তবতায় সরকার রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে বেসরকারি খাতে বা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছরের শুরুতে এটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। জনগণের করের টাকায় প্রতিবছর বিপুল ভর্তুকি দিয়ে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা অর্থনৈতিকভাবে যৌক্তিক নয়। তাই সংস্কারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে বেসরকারি খাতে ছেড়ে দিলেই সমস্যার সমাধান মিলবে না, বরং তা কতটা স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে করা হচ্ছে, তার ওপরই নির্ভর করছে উদ্যোগটির চূড়ান্ত সফলতা।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। অতীতে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি খাতে হস্তান্তরের সময় প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা নেওয়া ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। যদি এবারও রাজনৈতিক যোগাযোগ বা বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে কারখানাগুলো বরাদ্দ দেওয়া হয়, তবে সংস্কারের উদ্দেশ্য ব্যর্থ হবে এবং রাষ্ট্রীয় সম্পদ হাতেগোনা কিছু মানুষের কুক্ষিগত হয়ে পড়বে। এ কারণে কারখানার আর্থিক মূল্যায়ন, সম্পদের মূল্য নির্ধারণ ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ে নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে যোগ্য ও প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করাই হবে সঠিক পদক্ষেপ।

রাষ্ট্রীয় কারখানাগুলোর বিশাল জায়গা ও সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও সর্বোচ্চ সর্তকতা প্রয়োজন। শিল্পকারখানার জমি যেন আবাসন বা বাণিজ্যিক প্রকল্পে ব্যবহারের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে। হস্তান্তর প্রক্রিয়ার চুক্তিতে উৎপাদন অব্যাহত রাখা, নতুন বিনিয়োগ, প্রযুক্তির আধুনিকায়ন এবং কর্মসংস্থান রক্ষার শর্ত সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। শর্তভঙ্গের ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও চুক্তি বাতিলের বিধান রাখা বাঞ্ছনীয়। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায়ও বিশেষ নজর দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার দোহাই দিয়ে শ্রমিক ছাঁটাই বা তাদের পাওনা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; বরং প্রয়োজনে তাদের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

পিপিপি বা ইজারা যে পদ্ধতিই হোক না কেন, প্রতিটি কারখানার জন্য আলাদা ও বাস্তবসম্মত সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন। সব ক্ষেত্রে একটি নির্দিষ্ট মডেল কাজ করবে না। বিশেষ করে চিনিসহ যেসব শিল্প দেশি কাঁচামালের ওপর নির্ভরশীল, সেগুলোর আধুনিকায়নে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। সরকারি লক্ষ্য শুধু লোকসানের দায় থেকে মুক্তি পাওয়া নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। এই মহতী উদ্যোগটি সফল করতে একটি সুনির্দিষ্ট ও স্বচ্ছ পথরেখা তৈরির কোনো বিকল্প নেই।