রাজধানীর অভিজাত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ক্রেতাদের যাতায়াত থাকলেও বেচাকেনা আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিক্রেতারা জানিয়েছেন, বিপণিবিতানে এসে দর্শনার্থীরা বিভিন্ন দোকান ঘুরে দেখলেও কেনাকাটা করছেন তুলনামূলক অনেক কম। ফলে পণ্য বিক্রি নেমে এসেছে অর্ধেকের নিচে এবং অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ীর পক্ষে দোকান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। রোববারের চিত্র অনুযায়ী কাপড়, জুতা, ঘড়ি, ইলেকট্রনিকস, মোবাইল ও ক্যামেরার দোকানে মন্দাভাব দেখা গেছে। তবে নামিদামি পরিচিত ব্র্যান্ডের দোকানগুলো তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও সেখানেও বিক্রি কমেছে। অভিজাত এই বিপণিবিতানে এক সময় কেনাকাটার ধুম লেগে থাকতো। বেচাকেনা এমন চললে লসেই তো থাকা লাগবে। ওদিকে পরিচিত ব্র্যান্ডের দোকানগুলো অতটা ক্ষতির মুখে পড়েনি। একটা সময় এমন যে ছিল যে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও অনেকে কেনাকাটা করতেন। এমনও মাস যায় যখন দোকানের খরচও উঠে না।
বিশেষ করে নভেম্বর থেকে বিয়ের পোশাক ও শীতের কেনাকাটা শুরু হলেও কাপড় ব্যবসায় চরম মন্দা চলছে। ‘তানজিনা ফ্যাশন’-এর সম্রাট হোসেন জানান, গত বছর এই সময়ে সপ্তাহে অন্তত ২০ লাখ টাকা বিক্রি হলেও এখন নভেম্বর মাসের শেষে সপ্তাহে সর্বোচ্চ ১ থেকে ১ লাখ ৫০ হাজার টাকার বেশি বিক্রি হচ্ছে না। সবচেয়ে বেশি সংকটে আছেন কাপড় ও জুতার ব্যবসায়ীরা। বর্তমান সময়ে ব্যবসায়ের অবস্থা জানতে চাইলে তানজিনা ফ্যাশনের সম্রাট হোসেন বলেন, গত বছর এই সময় প্রতি সপ্তাহে কম হলেও ২০ লাখ টাকা বিক্রি করেছি। আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন, তারাই আসেন। তার চেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে সামনের সময়টা কেমন যাবে, তা নিয়ে।
অথচ তার দোকানে প্রতিদিনের নির্ধারিত খরচই ৯ হাজার ২০০ টাকা। লোকসান সামলাতে প্রতি মাসেই বাইরে থেকে টাকা এনে বিনিয়োগ করতে হচ্ছে। কাপড়ের অপর দোকান ‘আলিফ-লাম’-এর মুকুল বিশ্বাস জানান, গ্রামের এক বিঘা জমি বিক্রি করে দোকানে বিনিয়োগ করেও টিকতে কষ্ট হচ্ছে; যেখানে আগে মাসে সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকা বিক্রি হতো, এখন তা নেমে এসেছে ১ লাখ টাকায়। ১০ বছর ধরে ব্যবসা করা ‘সিটি শপ’-এর মো. কামাল হোসেন জানান, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিনি ১ লাখ ৩০ হাজার টাকা লোকসান গুনেছেন এবং দীর্ঘ ৬ দিন পর তিনি প্রথম ক্রেতার দেখা পেয়েছেন। একই সাথে তার চোখের সামনে পাশের একটি দোকানের মালিকানা তিনবার পরিবর্তন হতে দেখেছেন। কামাল হোসেন বলেন, লসের মধ্যে আছি। আর যে ক্ষতি হবে তা সামাল দেয়ার ক্ষমতা নাই আমার। কারণ এ মাসে বেচাকেনার বেশ অবনতি হয়েছে।
অন্যদিকে বড় ও পরিচিত ব্র্যান্ড ‘লুবনান’-এর ম্যানেজার মনির হোসেন জানান, তাদের বিক্রি প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমেছে। দাম বাড়ার কারণে তাদের নিয়মিত কিছু মধ্যবিত্ত গ্রাহক আসা বন্ধ করে দিয়েছেন। জুতার বাজারের অবস্থাও বেশ নাজুক। ‘স্যু গ্যালারি’র মালিক আতিকুর রহমান অপু দোকান টিকিয়ে রাখতে ৮ থেকে ১০ লাখ টাকা ধার করে বিনিয়োগ করেছেন। তিনি জানান, শীতের এই সময়ে আগে যেখানে দিনে অন্তত ১৫ জোড়া কেডস বিক্রি হতো, সেখানে এক দিনে মাত্র দুই জোড়া বিক্রির পর দিনভর আর কোনো ক্রেতা মেলেনি। দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দেওয়া অসম্ভব হয়ে পড়েছে বলে জানান তিনি। একইভাবে ‘রিসেন্ট’, ‘এম টি স্যু’জ’ এবং ‘সুইস মিস’ নামের জুতার দোকানগুলোতেও বিক্রি তলানিতে ঠেকেছে। এই টাকার মধ্যে দোকান ভাড়া, কর্মচারীর বেতন, মার্কেটের সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করতে হয়।
ঘড়ির বাজারেও প্রায় ৩০ শতাংশ বিক্রি কমেছে। ‘টাইম জোন’-এর ম্যানেজার সাইদুর রহমান বলেন, নানা অস্থিরতার কারণে অনিয়মিত ক্রেতাদের আসা কমে গেছে। ‘সুইস টাইম’-এর কর্মী হৃদয় ও রাহুল জানান, চলতি মাসে হাতেগোনা কয়েকটি ঘড়ি বিক্রি হয়েছে। এছাড়া ‘টাইম ভিউ’-এর বাধন জানান, তাদের বিক্রি প্রায় ২০ শতাংশ কমেছে এবং সামনের সময়ের মন্দা নিয়ে তারা শঙ্কিত। অন্যদিকে শীতকালে ওভেন ও ওয়াশিং মেশিনের মতো ইলেকট্রনিক পণ্যের চাহিদা থাকলেও এবার বসুন্ধরার দোকানগুলো ফাঁকা রয়েছে। স্যামসাং শো-রুমের বিক্রয়কর্মীরা জানান, বিদেশি ব্র্যান্ডের বিক্রি প্রায় ৫০ শতাংশ কমে গেছে, যা মানুষের ক্রয়ক্ষমতা হ্রাসের ইঙ্গিত দেয়। ব্যবসায়ীরা বলছেন, আগের মতো জাঁকজমক নেই; বেচাবিক্রির পাশাপাশি লোক সমাগমও কমেছে এই মার্কেটে। এখন শুধু মার্কেটে টিকে থাকার চেষ্টা করছি। ৫০ শতাংশ বিক্রি কমবে, এটা আমরা ভাবতেও পারি নাই। আমরা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে যে পরিমাণ জুতা বিক্রি করি, রোজার ঈদেও এত পরিমাণ বেচতে পারি না। খানিকটা মন্দার হাওয়া লেগেছে শখের জিনিস ঘড়ির ব্যবসাতেও।
মোবাইল বাজারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক বাজারে খুচরা যন্ত্রাংশ, চিপ ও র্যাম-রোমের দাম বাড়ায় দেশে মোবাইলের দাম বেড়েছে। ‘রাফসান টেলিকম’-এর রাহিদ হোসেন জানান, আগে ২৫ হাজার টাকায় পাওয়া ফোন এখন ৩২ হাজার টাকা হওয়ায় ক্রেতারা দাম শুনে চলে যান; সারাসপ্তাহে বিক্রি না হয়ে কেবল শুক্রবারে ৩-৪টি ফোন বিক্রি হয়। ‘ইয়াসরা মোবাইল বিডি’-এর মালিক আহমেদ অপু জানান, গত তিন মাস ধরে কোভিডের লকডাউনের চেয়েও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তারা। নতুন ফোনের দাম বেশি হওয়ায় পুরনো ফোনের বাজারে চাহিদা কিছুটা বেশি বলে জানান ‘ট্রাস্ট পয়েন্ট’-এর মালিকপক্ষের প্রতিনিধি রাহাদ। পুরনো ক্যামেরা কেনাবেচা ও এক্সচেঞ্জ করা ‘ফটো জোনের’ নাসির উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে ক্রেতা না থাকায় লাভ একেবারেই কমে গেছে, তব তারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

