বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম

জার্মানির রাজধানী বার্লিনে শুক্রবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বার্লিনের স্প্রিভোগেন প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এই নৈশভোজের আয়োজক ছিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার।

অনুষ্ঠানে বক্তৃতাকালে আমির শেখ তামিম উল্লেখ করেন, কাতার ও জার্মানির মধ্যকার সম্পর্ক শুধুমাত্র বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থের ওপর দাঁড়িয়ে নেই, বরং এটি পারস্পরিক আস্থা, অভিন্ন নীতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মতো মৌলিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জার্মানির গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

অর্থনৈতিক ও জ্বালানি খাতের অগ্রগতির পাশাপাশি প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত শিল্প খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন আমির। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ক্রমবর্ধমান সহযোগিতা উভয় দেশের জনগণের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার কাতারের আমিরকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানের জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই সফর দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের প্রতিফলন। তিনি কাতারের আধুনিকায়নে দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদানের কথা স্মরণ করেন। প্রেসিডেন্ট স্টাইনমায়ার অর্থনীতি, প্রতিরক্ষা, রাজনীতি ও উদ্ভাবনসহ বহুমুখী খাতে সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে জোর দেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে দুই নেতা চলমান উত্তেজনা নিরসনে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরির প্রয়োজনীয়তা নিয়ে একমত হন। এ বিষয়ে উভয় পক্ষ নিয়মিত আলোচনার প্রক্রিয়া চালু রাখতে সম্মত হয়েছে। নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। জার্মান সরকারের পক্ষ থেকে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, বুন্ডেসটাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লকনারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।