মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন দাবি করেছেন, সৌদি আরব ও কাতারে বোমা হামলার পরিকল্পনা করছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোমবার নিজের অনুষ্ঠানে তিনি দাবি করেন যে, সংশ্লিষ্ট দেশ দুটিতে মোসাদের কয়েকজন এজেন্টকে আটক করা হয়েছে। তবে কার্লসনের এই চাঞ্চল্যকর দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।
কার্লসনের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিরতা তৈরি করা ইসরাইলের উদ্দেশ্য। তিনি প্রশ্ন তোলেন, ইরান যখন উপসাগরীয় অঞ্চলকে লক্ষ্যবস্তু করছে, তখন ইসরাইল কেন সেই একই দেশগুলোতে বোমা হামলা চালানোর পরিকল্পনা করবে? তাঁর দাবি, ইরানকে মোকাবিলার আড়ালে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমানের মতো দেশগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ইসরাইল।
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার সূত্রপাত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর জের ধরে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্য অনুযায়ী, সাত শতাধিক ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাঁচ শতাধিক স্থাপনায় আঘাত হেনেছে। এই উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক বিমান চলাচলে বিঘ্ন ঘটার মতো ঘটনায় পড়েছে।
এদিকে, সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার পর সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। এই হামলার দায় অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্টো তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আরব দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলই এই ড্রোন হামলা চালাচ্ছে। ইরানকে হামলার লক্ষ্যবস্তু বানাতে আরব দেশগুলোকে উসকে দেওয়ার পাশাপাশি গোটা মুসলিম বিশ্বে বড় ধরনের সংঘাত ছড়িয়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলেও তেহরান দাবি করেছে।

