গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপির সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই হামলা চালান। এরপর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিনে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় হেলমেট পরিহিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা গেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এতে যোগ দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এর আগে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানাতেও একই ধরনের ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় নিষিদ্ধ ছাত্রলীগ। পাশাপাশি বুধবার রাতজুড়ে ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ তৈরি করে রাখে তারা।

