দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এদিন সকালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন বুধবার সকালে তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে বাসিন্দাদের।
অগ্রহায়ণের শুরু থেকেই এ অঞ্চলে মেঘলা আকাশ, কুয়াশা ও উত্তুরে বাতাসের প্রভাবে শীতের আমেজ শুরু হয়েছিল।
বুধবার সন্ধ্যার পর থেকে মেঘ ও কুয়াশা কমতে শুরু করায় হিমেল বাতাসের দাপট বাড়ে, যার ফলে রাতের তাপমাত্রা এক লাফে অনেকটা নিচে নেমে আসে। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত কয়েক দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বর্তমানে মেঘ ও কুয়াশা অনেকটাই কেটে গেছে। আকাশে চার ভাগের চার ভাগ মেঘ না থাকলেও হালকা হিমেল বাতাসের উপস্থিতি রয়েছে। রাতে শীত বেশি অনুভূত হলেও দিনের বেলায় ঝলমলে রোদ পাওয়ায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন। আকাশ পরিষ্কার থাকায় সকালে সূর্য উঠে রোদের তীব্রতা ছড়াতে শুরু করলে স্বস্তি ফেরে মানুষের মধ্যে। কর্মচঞ্চল হয়ে ওঠে ফসলের খেত ও মাঠঘাট।
সকাল হতেই মিষ্টি রোদের দেখা পাওয়ায় জনজীবনে গতি ফিরেছে। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মারুপাড়া এলাকার বাসিন্দা মো. আল আমিন বলেন, গত কয়েক দিনের তুলনায় বুধবার রাত থেকে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। ভোরের দিকে শীতল বাতাস থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলায় কৃষকদের সুবিধা হয়েছে। এই রোদ ধান শুকানোসহ মাঠের ফসল ঘরে তোলার কাজে বাড়তি সহায়ক হবে বলে তিনি মনে করছেন। এই আবহাওয়া আমাদের কৃষকদের জন্য ভালো।

