কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। গত বুধবার এক বিবৃতিতে রিয়াদ এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য এবং উসকানিমূলক বলে মন্তব্য করেছে। বুধবার (১৮ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলার কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ইরানের এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সমুদ্রপথে নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজ পরিবহনে ইরান কর্তৃক সৃষ্ট যেকোনো ধরনের বিঘ্নের কড়া সমালোচনা করা হয়। রিয়াদ স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
চলমান এই সংকট নিরসনে আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলছে, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এর আগে আরব লীগ, জিসিসি, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও একই ইস্যুতে ইরানের নিন্দা জানিয়েছিল। কুয়েত, বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথকে ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরবের এই প্রতিক্রিয়া আঞ্চলিক কূটনৈতিক অবস্থানে নতুন গুরুত্ব যোগ করেছে।

