বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহা এই ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী। অর্থনৈতিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো যেকোনো সহিংস কর্মকাণ্ড কাতার দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে জানায় যে, এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলবে, যা সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এটি নিরাপত্তা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক উদ্যোগগুলোকেও বাধাগ্রস্ত করতে পারে। বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে কাতার জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাহরাইন কোনো বৈধ পদক্ষেপ গ্রহণ করলে দোহা তাতে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।