যুক্তরাজ্য পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। গত ২০শে নভেম্বর অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় এক বিবৃতিতে বিস্তারিত তথ্য জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ-এর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরালো করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বর্তমান সরকারের অগ্রাধিকার তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং সংসদীয় কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ। জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটাতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
আলোচনার এক পর্যায়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়। সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি সংসদীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

