সামুদ্রিক অপরাধ দমনে নিরলস কাজ করছে কোস্ট গার্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক অপরাধ নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড অত্যন্ত নিষ্ঠার সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাহিনীর বহরে থাকা অফশোর প্যাট্রল ভেসেলগুলো (ওপিভি) বঙ্গোপসাগরে নজরদারি এবং টহল কার্যক্রমকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে।

গত ২২ নভেম্বর, রবিবার ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রের টহল সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এই লক্ষ্য অর্জনে ভবিষ্যতে উপযুক্ত কোনো দেশ থেকে জিটুজি বা সরকারি পর্যায়ে চুক্তিভিত্তিক অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া, বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। তিনি জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি ‘ব্রাউন ওয়াটার অপারেশন’ এবং ‘মানবপাচার প্রতিরোধ’ বিষয়ক একটি প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে দেশি কর্মকর্তাদের পাশাপাশি সাতটি বন্ধুপ্রতিম দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামী বছরের এই প্রশিক্ষণে ইতালির কোস্ট গার্ড কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও ৭টি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে।

সৌজন্যমূলক এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।