প্রথমার আউটলেটে পাওয়া যাবে ডেলির শিক্ষা ও স্টেশনারি পণ্য

দেশজুড়ে পাঠকদের কাছে মানসম্মত শিক্ষা উপকরণ ও স্টেশনারি পণ্য সহজলভ্য করতে এসিআই এডুলিঙ্ক এবং প্রথমা প্রকাশন একটি নতুন বাণিজ্যিক অংশীদারত্বে আবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে দেশের পাঠক, শিক্ষার্থী ও ক্রেতারা প্রথমা প্রকাশনের সব বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ডেলি’র স্টেশনারি পণ্য কিনতে পারবেন। বইয়ের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা ও অফিস উপকরণ একই জায়গায় পাওয়ায় গ্রাহকদের কেনাকাটা এখন আরও সুবিধাজনক হবে।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথমা প্রকাশনের কার্যালয়ে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথমা প্রকাশনের পক্ষে চুক্তিতে সই করেন মিডিয়াস্টার লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অংকুর সাহা। অন্যদিকে, এসিআই এডুলিঙ্কের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) বিজনেস ম্যানেজার কে. এম. আরিফুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সহযোগিতাকে দীর্ঘমেয়াদি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, বই ও স্টেশনারি পণ্যের এই সমন্বিত বিপণন ব্যবস্থা গ্রাহকদের জন্য কেনাকাটার এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য মানসম্মত শিক্ষা উপকরণ সহজে পাওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসিআই এডুলিঙ্ক জানিয়েছে, ভবিষ্যতে তারা শিক্ষা উপকরণ ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে প্রথমা প্রকাশনের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা করছে। বাজারের চাহিদা ও আধুনিক শিক্ষাব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যনতুন পণ্য ও সেবা যুক্ত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। প্রথমা প্রকাশনও জানিয়েছে, মানসম্মত বইয়ের পাশাপাশি প্রয়োজনীয় স্টেশনারি সরবরাহের এই উদ্যোগ তাদের সেবাকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে সারা দেশের ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।