কিশোর আব্দুল মোতালিব মৃত্যুর ঘটনা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান শনাক্তকরণ, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদঘাটন এবং এই সাবেক মেয়রকে যারা আশ্রয় দিয়েছেন তাদের খুঁজে বের করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। মামলার তদন্তের স্বার্থে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়ার আশায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নিহত হয়। এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।

এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল।