যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার দায়ে নিষিদ্ধ হওয়া সংগঠনটির লোকজনের এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিবৃতিতে সরকার আরও জানায়, বিদেশে বাংলাদেশের নাগরিকদের ওপর এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের দ্বারা সংঘটিত এই হামলা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে। ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে যুক্তরাজ্যের আইন অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে স্পষ্ট করা হয়, দেশে কিংবা বিদেশে যেকোনো নাগরিকের রাজনৈতিক মতপ্রকাশ বা গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শন সমর্থনযোগ্য নয়।

