যুক্তরাষ্ট্রের কোনো হামলার অপেক্ষায় বসে না থেকে ইরান প্রয়োজনে আগাম পদক্ষেপ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতির আড়ালে সময়ক্ষেপণ ও হামলার ক্ষেত্র তৈরির চেষ্টার অভিযোগ তোলেন। সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানায়। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে।
বক্তব্যে ঘারিবাবাদি স্পষ্ট করেন যে, ইরানকে অবরুদ্ধ করার মতো কিউবা কিংবা আত্মসমর্পণ করতে বাধ্য করা ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। তার দাবি, আকাশ বা স্থল—যেকোনো পথেই অবরোধ আরোপের যে চেষ্টা যুক্তরাষ্ট্র করেছে, তাতে তারা সফল হতে পারেনি। ওয়াশিংটনের চাপের মুখে তেহরান যে পিছু হটবে না, তা তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে।
ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে তেহরানের এই কঠোর অবস্থান ও সামরিক প্রস্তুতির ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকদের ধারণা।

