ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের নতুন প্রবণতা মোকাবিলায় বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। শুক্রবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে সংস্থাটি।
অভিযানগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে থাকা বিভিন্ন কসমেটিকস, ওষুধ ও খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
একই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে আসা অপর দুই যাত্রীর ব্যাগেজেও চোরাচালানের প্রমাণ মেলে। যাত্রী শাহ আলম আজিজের কাছে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস পাওয়া যায়। আইন অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়ার পর অতিরিক্ত পণ্যগুলো জব্দ করা হয়, যার মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
একই ফ্লাইটে আসা যাত্রী উম্মা হানির ব্যাগেজ থেকে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান জব্দ করা হয়েছে। ব্যাগেজ সুবিধা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ বাদ দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। আটক এসব পণ্যের বাজারমূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা দপ্তরের মতে, ছোট ছোট চালানে এভাবে স্বর্ণ ও স্মার্টফোন আনা চোরাচালানের নতুন কৌশল, যা সম্মিলিতভাবে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করছে। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়।

