শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা, বিভিন্ন শ্রেণিতে আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি হতে হবে এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে। অর্থাৎ, শিক্ষার্থীর জন্ম তারিখ হতে হবে ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ সময়ের মধ্যে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সের এই শর্তে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলতা প্রদান করা হয়েছে। শিক্ষাবর্ষ পঞ্জিকা অনুযায়ী ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতিটি শ্রেণি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করানো যাবে।
ভর্তি পদ্ধতির ক্ষেত্রে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং একই সঙ্গে অপেক্ষমাণ তালিকাও রাখতে হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নিতে হবে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৫০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা এবং চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে ২ ঘণ্টা। মানবণ্টন অনুযায়ী, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণিতে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিত ২০ নম্বর এবং চতুর্থ থেকে নবম শ্রেণিতে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফরম ও ভর্তি ফি নিয়েও নীতিমালায় কড়া নির্দেশনা রয়েছে। প্রথম শ্রেণির অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম বিতরণের সময় অন্তত ৭ কার্যদিবস নিশ্চিত করতে হবে। সর্বসাকুল্যে ভর্তি ও সেশন চার্জ মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১,০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫,০০০ টাকা, আংশিক এমপিও বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ) ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
সংরক্ষিত কোটার বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরতদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদর ভাই-বোনের জন্য ৩% এবং যমজদের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।

