নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, মাত্র ৯ কার্যদিবসে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাক্ষ্য, নথিপত্র ও ডিএনএ পরীক্ষার অকাট্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তির রায় প্রদান করেছেন।
ঘটনার প্রেক্ষাপট ও মামলা
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড় বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ সাগর শিক্ষার্থী ওই শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হলে পরিবারের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও র্যাব দ্রুত তৎপরতা চালিয়ে গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করে। এরপর ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেয়। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠায়। ডিএনএ পরীক্ষায় আসামি সাগরই ওই শিশুর জৈবিক পিতা বলে নিশ্চিত হওয়ার পর পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে এবং বিচারিক প্রক্রিয়ায় এ রায় আসে।

