ইসরাইলের নতুন পার্লামেন্টের ২৬তম নেসেটের প্রথম অধিবেশনেই চমক দেখিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। মঙ্গলবার ১০ নভেম্বর অনুষ্ঠিত অধিবেশন চলাকালীন তার নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া বেশ কয়েকটি বিতর্কিত আইন ও সিদ্ধান্ত বাতিলের লক্ষ্যে একাধিক বিল জমা দেওয়া হয়েছে।
আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে এই বিলগুলো উত্থাপন করেছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিতর্কিত বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া বিভিন্ন আইন বাতিল করা।
বিরোধী দলগুলোর ভাষ্যমতে, ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু এই কমিশন গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। অথচ ক্ষমতায় গেলে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন তাদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। নেতানিয়াহু অবশ্য শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন এবং তার দাবি, সুপ্রিম কোর্ট দ্বারা নিয়োগকৃত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে।
আইজেনকোটের জোট যেসব আইন বাতিলের দাবি জানিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার পরিকল্পনা। এই আইনগুলো অতীতে পাস হওয়ার সময় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সমালোচকদের মতে, এই উদ্যোগগুলো ইসরাইলের গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্যের জন্য হুমকি।
প্রস্তাবিত বিলগুলোতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনটির সংশোধনী বাতিলের কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট এই আইনটির কার্যকারিতা স্থগিত করেছিলেন এবং পর্যবেক্ষণ দিয়েছিলেন যে এটি মূলত নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা প্রদানের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল।
পাশাপাশি ডেমোক্র্যাটস পার্টির পক্ষ থেকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি থাকা ব্যক্তিদের সরকারি পদে নিয়োগে নিষেধাজ্ঞা এবং পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। এর বাইরেও শনিবারের ধর্মীয় ছুটির দিনে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও বিল এনেছে বিরোধী জোট।
অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে মন্ত্রীদের আইনি মতামত প্রত্যাখ্যানের ক্ষমতা বাড়বে। বিচারক নিয়োগের ক্ষেত্রেও আইনজীবী সমিতির বদলে সরকার ও বিরোধী দলের মনোনীত প্রতিনিধিদের প্রভাব বাড়ানোর যে নিয়ম করা হয়েছিল, তা নিয়েও নতুন করে বিতর্কের সূচনা হয়েছে।

