তুরস্ক সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিদায়লগ্নে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এসএম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

আন্তালিয়ায় পৌঁছানোর পরের দিন প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, মূল সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। তিন দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।