তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এই প্রস্তাবনার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন।
প্রস্তাবিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪-এর শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি, কারখানায় নতুন যোগ দেওয়া শিক্ষানবিস শ্রমিকদের জন্য মাসিক ৩০ হাজার টাকা বেতনের প্রস্তাব রাখা হয়েছে। সভা শুরুর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মজুরি বাড়ানোর দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন ৮ হাজার টাকা থেকে এই মজুরি বাড়ানো হয়েছিল।
এদিকে বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সময় চেয়ে আবেদন করেছে। বোর্ড মালিকপক্ষকে সাত কার্যদিবস সময় দিতে চাইলেও পরবর্তীতে চার কার্যদিবসের মধ্যে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, উভয় পক্ষের কাছ থেকেই মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল, যার মধ্যে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। মজুরি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন এবং আগামী সভায় নতুন কোনো বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। ওই সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়।
মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি যাচাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই বিভিন্ন কারখানা সরজমিনে পরিদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। চেয়ারম্যান উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত এবং তাদের জীবিকার সঙ্গে ৪০ লাখ পরিবার জড়িত। সরকারিভাবে গত ১ নভেম্বর ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয় এবং ৪ নভেম্বরে প্রথম সভা অনুষ্ঠিত হয়। নতুন কাঠামো অনুযায়ী সুপারিশ অনুমোদিত হলে তা আগামী জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

