বিচ্ছেদ ঘটল ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি-ইয়ন ও লি দো-হিউনের

নেটফ্লিক্সের সাড়া জাগানো সিরিজ ‘দ্য গ্লোরি’র সেটে পরিচয় হওয়ার পর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনয়শিল্পী লিম জি-ইয়ন ও লি দো-হিউন। প্রায় তিন বছর সাত মাস ধরে চলা এই সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা। মঙ্গলবার লি দো-হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। এজেন্সির একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে কেবল ভালো সহকর্মী হিসেবে একে অপরকে সমর্থন দিয়ে যাবেন।

২০২৩ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো এই জুটি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। সম্পর্কের কথা স্বীকার করার কিছু সময় পরেই লি দো-হিউন বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিয়েছিলেন। দীর্ঘ এই সময়টাতেও লিম জি-ইয়ন তাঁর পাশে ছিলেন, যা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ ছিল। এমনকি চলতি বছরের জুলাই মাসেও এই জুটিকে একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল, যা তাঁদের সম্পর্কের গভীরতাকে সে সময় অনেকের কাছে স্পষ্ট করেছিল। তবে শেষ পর্যন্ত তাঁরা সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে পারেননি। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ অভিনেত্রীর প্রেম ভাঙল। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’। লি দো–হিউনের সামরিক সেবার সময় পেরিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা।

অভিনেত্রী লিম জি-ইয়নের ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে। ২০১৪ সালের চলচ্চিত্র ‘হিউম্যান অ্যাডিকশন’-এ অভিনয়ের সুবাদে তিনি পরিচিতি পান। তবে ‘দ্য গ্লোরি’ সিরিজে খল চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এছাড়া ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ ও ‘দ্য কিলিং ভোট’-এর মতো আলোচিত সিরিজেও তিনি কাজ করেছেন।

অন্যদিকে ১৯৯৫ সালের ১১ এপ্রিল জন্ম নেওয়া লি দো-হিউন ২০১৭ সালে ‘প্রিজন প্লেবুক’ সিরিজের মাধ্যমে পর্দায় আসেন।

পরবর্তীতে ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’ সিরিজে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ‘দ্য গ্লোরি’ সিরিজে জু ইয়ো-জিয়ং চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় জয় করে নেয়। ২০২৩ সালে সামরিক সেবায় যোগ দেওয়া এই অভিনেতা ২০২৫ সালে দায়িত্ব শেষ করে অভিনয়ে ফিরে আসেন। ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের পর এখন তাঁরা দুজনেই নিজেদের কর্মজীবনে মনোযোগ দিতে চাইছেন বলে জানা গেছে।