ফুটবল বিশ্বকাপের মঞ্চ আবারও যুক্তরাজ্যে ফিরছে। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো দেশটিতে কোনো ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে তাদের নাম আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেওয়ার কথা রয়েছে।
ফিফার অনুমোদন পাওয়া এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ৩৯ দিনব্যাপী দীর্ঘ এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘অল টুগেদার’ নামে জমা দেওয়া যৌথ বিড অনুযায়ী, ১৯টি স্টেডিয়ামে খেলাগুলো আয়োজিত হবে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ড ও ওয়েলসে দুটি করে এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু থাকবে। এছাড়াও, ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকাকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। বিবিসি বলছে, ২০৩১ সাল থেকেই নারী বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ শুরু হবে।

