দেশের গ্রামীণ যোগাযোগব্যবস্থা, সড়ক অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ এবং খাল-নদী খননসহ বিভিন্ন খাতের ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্পে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
সভায় অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি প্রকল্প রয়েছে, যার মধ্যে ইউনিয়ন ও গ্রামের সড়কে দীর্ঘ সেতু নির্মাণসহ জয়পুরহাট, ফরিদপুর, রাজবাড়ী, সিলেট ও বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত। পাশাপাশি পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের বিষয়টিও অনুমোদিত হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। এছাড়া জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় সুগন্ধা ও সন্ধ্যা নদীর তীর রক্ষার কাজ করা হবে। একই সাথে ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষায় মেট্রো ঢাকা প্রকল্প অনুমোদন পেয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ধামরাইয়ে এনএসআই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন খাতে জয়পুরহাট সড়ক বিভাগের মহাসড়ক প্রশস্তকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একনেক সভায় ৫০ কোটি টাকার নিচে ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়েছে, যা ইতিপূর্বে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের সক্ষমতা বৃদ্ধি এবং রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প। সভায় আরও জানানো হয় যে, মহাসড়কের ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তিতে উচ্চগতির টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
উক্ত সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

