জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ১৩৩টি দেশ সমর্থন জানালেও বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সৌদি আরব, কাতার ও ওমানসহ ৩৩টি দেশ। এছাড়া বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ ও পাকিস্তানও এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

জাতিসংঘের ভাষ্যমতে, অপরাধ দমন বা ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকারিতা সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ নেই। আধুনিক বিশ্বে এমন শাস্তির কোনো জায়গা নেই উল্লেখ করে সংস্থাটি বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়ে আসছে। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশই মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে।