সৌদি আরবের মক্কা নগরীর অন্যতম প্রধান আকর্ষণ ক্লক টাওয়ার সম্প্রতি দুটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজেদের ঝুলিতে পুরেছে। ভবনের অভ্যন্তরে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং সবচেয়ে উঁচু উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্থাপনাটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অর্জনের ফলে মক্কার এই সুউচ্চ টাওয়ারটির মোট গিনেস রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ক্লক টাওয়ারের জাদুঘরটি মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি ভূপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে। সেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ পুরো মক্কা নগরীর নয়নাভিরাম দৃশ্য দেখা যায়, যা দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা যোগ করে।
২০১৯ সালের মে মাসে পর্যটকদের জন্য উন্মুক্ত করা এই জাদুঘরটি টাওয়ারের চূড়ার একেবারে উপরের চারটি তলায় অবস্থিত। এখানে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার প্রাচীন ও আধুনিক পদ্ধতি এবং মক্কার ইতিহাসের পাশাপাশি বিশাল এই ঘড়িটির প্রকৌশলগত নানা দিক তুলে ধরা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের বিবর্তন সম্পর্কেও এখানে বিস্তারিত ধারণা পাওয়ার সুযোগ রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হিসেবে স্বীকৃত হওয়ার মানদণ্ড অনুযায়ী এটি জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এই টাওয়ারটির উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয় এবং সৌদি বিনলাদিন গ্রুপ এটি নির্মাণের দায়িত্ব পালন করে। ঘড়ির ওপরে অবস্থিত ৭১ মিটার উঁচু চূড়াসহ এই ভবনের মোট উচ্চতা ৬০১ মিটার। টাওয়ারটির চারদিকের চারটি ঘড়ির ডায়ালের প্রতিটি ৪৩ মিটার ব্যাসের, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের তুলনায় প্রায় ছয় গুণ বড়। বিশাল আকৃতির এই ঘড়ির জন্য ২০১১ সালের ২৮ নভেম্বর প্রথমবার গিনেস স্বীকৃতি লাভ করেছিল স্থাপনাটি।
এর আগে থেকেই বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের রেকর্ড এই স্থাপনাটির দখলে ছিল। মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই নতুন সনদগুলো গ্রহণ করেছে।
রয়্যাল কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং হজ ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা সম্প্রসারণের প্রচেষ্টাকে বিশ্বদরবারে তুলে ধরছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে কাজে লাগিয়ে শহরের পর্যটন সম্ভাবনা বাড়ানো এবং স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা।

