যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে কূটনীতির পথ এখনো খোলা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের নিয়মিত বার্তা আদান-প্রদান চলছে। ইরান ভবিষ্যতে এমন নিশ্চয়তা চায় যাতে দেশটিতে আর কোনো যুদ্ধের আঁচ না লাগে। তবে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। আরাগচি জোর দিয়ে বলেছেন, সমঝোতার শর্ত হিসেবে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই হাতছাড়া করবে না। ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না, এমন নিশ্চিয়তা পেলেই তেহরান সমঝোতায় যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা এগিয়ে নেওয়ার আগে সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক কি না, তা নিশ্চিত হওয়া দরকার।
মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে এবং যুদ্ধের প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
হরমুজ প্রণালিতে বারবার হামলার ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে তুলেছে, যার ফলে যুদ্ধ থামানোর চাপ বাড়ছে। এর আগে তেহরান ও ওয়াশিংটন তাদের পারমাণবিক বিরোধ মেটাতে বেশ কিছু বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনার প্রস্তাবও দিয়েছিল ইরান। আইএইএর তথ্যানুযায়ী, ২০২৫ সালের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার আগে দেশটির কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম গচ্ছিত ছিল। তবে হামলার পরবর্তী পরিস্থিতি এখনো অস্পষ্ট।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকেই বিভিন্ন স্তরে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনার বিষয়ে আব্বাস আরাগচি বলেন, উভয়পক্ষের মধ্যে আস্থা তৈরির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিলেও, ট্রাম্প এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান চুক্তিতে আগ্রহী। তবে তার স্পষ্ট বক্তব্য হলো, ইরান যে ধরনের প্রস্তাব দিচ্ছে তা তার কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এমন অনড় অবস্থানের ফলে যুদ্ধ অবসানের পথ এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে আরাগচি ও উইটকফের মধ্যকার আলাপচারিতায় ‘পরিবারের সঙ্গে এটিই শেষ কথা’ হওয়ার ইঙ্গিত মিলেছিল, যা বর্তমান কূটনৈতিক উত্তেজনার তীব্রতাকে নির্দেশ করে।

