জার্মানির রাজধানী বার্লিনের ফেডারেল চ্যান্সেলারিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূলত নিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং শান্তি স্থাপনের মতো বিষয়গুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতেই এসব সমঝোতা সম্পাদিত হয়। আমিরের বর্তমান জার্মানি সফরের অংশ হিসেবে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিষয়ে ঐকমত্য হয়েছে। পাশাপাশি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’ ও জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেও পৃথক একটি নিরাপত্তা চুক্তি সই হয়েছে।
সামরিক সহযোগিতার বাইরে শান্তি, সমঝোতা এবং বিরোধ নিষ্পত্তির খাতে সহযোগিতার লক্ষ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি লেটার অব ইনটেন্ট বা সমঝোতাপত্র বিনিময় হয়েছে।
এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর আয়োজনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মান সরকারের পক্ষ থেকেও দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নিয়ে দ্বিপক্ষীয় এই কূটনৈতিক সাফল্যের সাক্ষী হয়েছেন।

