ব্রেক্সিট ভোটের দীর্ঘ এক দশক পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দুই পক্ষের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন ভিত্তি দিতে এবং অংশীদারিত্ব পুনর্গঠনে তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত ক্ষেত্রে ঐতিহাসিক এক সমঝোতা চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এ চুক্তিকে উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন করে সাজানোর সূচনা হিসেবে দেখা হচ্ছে। ডাউনিং স্ট্রিট জানায়, উভয় পক্ষই ‘ইউথ মোবিলিটি স্কিম’ (তরুণদের অবাধ চলাচল সংক্রান্ত কর্মসূচি), স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা সংক্রান্ত) চুক্তি এবং তাদের নিজ নিজ কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার (এমিসন ট্রেডিং সিস্টেম) মধ্যে সংযোগ। এই চুক্তিগুলো স্বাক্ষরিত হলেও সম্পর্কের আরও গভীর পরিবর্তনের জন্য, যেমন শিক্ষার্থীদের টিউশন ফি থেকে শুরু করে পণ্য উৎপাদন সংক্রান্ত নিয়মাবলির মতো বিষয়গুলো নিয়ে এখনও দীর্ঘ সময় ধরে আলোচনা চালু থাকতে পারে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয়ের বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সম্মেলনে উভয় দেশের প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা সফলভাবে শেষ হওয়ার পরপরই সম্পর্ক নতুন করে সাজানোর চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার ঘোষণা আসে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করা হবে। পাশাপাশি, কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র চুক্তির বিষয়ে নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের ঐক্যমত্যে সমঝোতা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক যেকোনো দ্বিপাক্ষিক চুক্তির স্বাভাবিক নিয়ম মেনেই এবার সংশ্লিষ্ট দেশগুলো তাদের নিজ নিজ অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করবে।
এর আগে সম্পর্ক পুনর্গঠনের এ প্রক্রিয়া বাস্তবায়নের বিষয়ে ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম স্পষ্ট বক্তব্য রাখেন। তিনি জানান, ইউরোপের সঙ্গে ভবিষ্যতের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাজ্য কোনো পথই বন্ধ রাখছে না। এমনকি প্রয়োজনে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না বলে ইঙ্গিত দেন তিনি।

