ইরানে ফের বড় সামরিক হামলার পরিকল্পনা নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা অনিবার্য বলে মন্তব্য করেছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সম্প্রতি দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠকে এই অভিযানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী এই নতুন সামরিক অভিযান বাস্তবায়নের জন্য তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন। ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সম্প্রতি কয়েকটি বৈঠকে নেতানিয়াহু নতুন করে ইরানে সামরিক অভিযানের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন এবং সেই পরিকল্পনাগুলো অনুমোদনের পর্যায়ে রয়েছে। এখন কেবল অভিযানের সময় নির্ধারণের অপেক্ষা চলছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা নতুন করে ছড়িয়ে পড়ার জোরালো আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, নিজের টলমলে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই তিনি যুদ্ধের পরিধি বাড়াতে চাইছেন, যদিও নেতানিয়াহু এমন দাবি অস্বীকার করেছেন।

অন্যদিকে, নেতানিয়াহু সামরিক অভিযানের জন্য ওয়াশিংটনের সমর্থন আদায়ের চেষ্টা চালালেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে ভিন্ন সুর পাওয়া যাচ্ছে। তিনি এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি সময় নিতে আগ্রহী। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, ২০২৭ সালের শুরুর দিকে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এবং ‘হাতে যথেষ্ট সময় আছে’ বলে মন্তব্য করেন। বছরের শুরুতে পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

চলতি সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেক দফা হামলার বিষয়টি ট্রাম্প বিবেচনা করছেন। একই সাথে তিনি ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়ন খতিয়ে দেখছেন, যেখানে দাবি করা হয়েছে যে ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার অংশবিশেষ পুনর্গঠন করেছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে হামলার বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় বড় কোনো আঘাত ছাড়াই ইরানে হামলা সম্ভব কি না, তা খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

গত কয়েক মাসে ইরান নিয়ে ট্রাম্পের অবস্থানে বারবার পরিবর্তন লক্ষ করা গেছে; কখনো তিনি সামরিক অভিযানের হুমকি দিয়েছেন, আবার কখনো সংঘাত অবসানের ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কঠোর অবরোধের মাধ্যমেই তেহরানের ওপর প্রধান চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করাকে ট্রাম্প নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন।

এদিকে, মার্কিন সিনেটে এই ইস্যুটি নিয়ে উত্তেজনা বাড়ছে। গত বৃহস্পতিবার সিনেটে ৫১-৪৮ ভোটে একটি প্রস্তাব নাকচ হয়ে যায়, যেখানে যুদ্ধ বন্ধ করতে বা যুদ্ধের পরবর্তী পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে ট্রাম্পকে বাধ্য করার বিধান রাখা হয়েছিল। ফলে ওয়াশিংটন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও, ইসরাইলের সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পর্যালোচনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে।