জার্মানিতে রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বার্লিনের ভিলা বোর্সিগে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে জার্মানির প্রেসিডেন্ট ড. ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার নিজে উপস্থিত থেকে আমিরকে স্বাগত জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কাতারের আমির সম্মানসূচক গার্ড অব অনার পরিদর্শন করেন। কূটনৈতিক প্রথা অনুযায়ী, দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন ও করমর্দন করেন।
সফরের অংশ হিসেবে ভিলা বোর্সিগে কাতারের আমির ও জার্মানির প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। দীর্ঘদিনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই সফরের মূল লক্ষ্য।
রাষ্ট্রীয় সফরের কর্মসূচির অংশ হিসেবে কাতারের আমির জার্মানির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বার্লিনের গভর্নিং মেয়রের সঙ্গে সাক্ষাৎ এবং শহরের একটি স্মৃতিসৌধ পরিদর্শনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

