দরিদ্রের আয়ের ২০ শতাংশ ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা

বাংলাদেশে কর কাঠামোয় চরম বৈষম্যের চিত্র উঠে এসেছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) পরিচালিত এক গবেষণায়। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণায় দেখা যায়, দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বা প্রায় ২০ শতাংশই চলে যাচ্ছে মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধ করতে গিয়ে। এর বিপরীতে, দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে সরকারকে প্রদান করছে। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।

আঞ্চলিক ও শ্রেণিভিত্তিক করের বোঝা

গবেষণার তথ্য অনুযায়ী, ভ্যাটের এই করভার গ্রামীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ওপর তুলনামূলকভাবে অনেক বেশি। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি অর্থ ভ্যাট বাবদ ব্যয় হয়, যেখানে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, দেশের সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শীর্ষ শ্রেণির কাছ থেকে আদায় হওয়ার কথা। অন্যদিকে, নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই। দেশে মোট শ্রমশক্তির মধ্যে মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর প্রদান করেন। এছাড়া ই-টিআইএনধারীদের মধ্যে রিটার্ন দাখিলের হারও হতাশাজনক; ব্যক্তিপর্যায়ে এ হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।

অর্থসচিবের বক্তব্য

অনুষ্ঠানে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, কেবল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনই যথেষ্ট নয়, বরং কর ব্যবস্থায় ন্যায্যতা, স্বচ্ছতা এবং নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, বর্তমান সরকার রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো গভীরভাবে খতিয়ে দেখছে। অনেক সময় উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের ওপর কর দেওয়ার মতো পর্যাপ্ত নগদ অর্থ মালিকদের কাছে না থাকায় জটিলতা তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে কর ব্যবস্থাপনায় সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সমপরিমাণ আয়ের ওপর সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থা বৈষম্যহীন হবে এবং রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়বে। তিনি স্পষ্ট করেন যে, চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব সরকার বাদ দিয়েছে। তাই নতুন করে সম্পদ কর আরোপের বদলে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর সরকার বেশি জোর দিচ্ছে।