দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে গত বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লাখউইয়া)-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানি। সফরকালে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে পৃথক ও বিস্তারিত আলোচনায় অংশ নেন।
প্রতিনিধি দলের উপস্থিতিতে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লাখউইয়া’ এবং পাকিস্তানের ‘ফেডারেল কনস্ট্যাবুলারি’-র মধ্যে একটি নিরাপত্তা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন শেখ খলিফা এবং মহসিন নাকভি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে কাতারি প্রতিনিধি দল প্রযুক্তিগত ও অপারেশনাল অংশীদারত্ব বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন। অন্যদিকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সাথে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পায়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানায়, উভয় দেশ সন্ত্রাসবাদ দমন ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। বৈঠকে আঞ্চলিক শান্তি রক্ষায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান মুনিরও দোহার সাথে সম্পর্ক আরও নিবিড় করার প্রতিশ্রুতি দেন।
প্রথমবার পাকিস্তান সফরে আসা কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কে গতি আনবে। তিনি কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানিকে শুভেচ্ছা জানান এবং পাকিস্তানের প্রতি কাতারি নেতৃত্বের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পাকিস্তানের জ্বালানি সংকট মোকাবিলায় ধারাবাহিকভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করায় কাতারের প্রশংসা করেন তিনি।

