বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম নিয়ে এসেছে জাপানি ইলেকট্রনিক্স ব্র্যান্ড সনি। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব নতুন পণ্য উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পণ্যগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার বিপণন প্রধান ইয়াপ ইয়াং। এসময় উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি পণ্য বিপণন ব্যবস্থাপক মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাড়িতে বসে সিনেমা হলের মতো উন্নতমানের শব্দ ও ছবির অভিজ্ঞতা নিশ্চিত করতে ‘সিনেমা ইজ কামিং হোম’ থিম নিয়ে নতুন পণ্যগুলো তৈরি করা হয়েছে। তালিকার অন্যতম আকর্ষণ হলো ‘ট্রু আরজিবি এলইডি’ প্রযুক্তির ফ্ল্যাগশিপ মডেল ‘ব্রাভিয়া ৯ মার্ক টু’ টিভি, যা ৮৫ ও ১১৫ ইঞ্চি আকারে বাজারে আসছে। সনির দাবি অনুযায়ী, দেশের বাজারে এই প্রযুক্তি এই প্রথমবার আনা হয়েছে।
এ ছাড়া গুগল টিভি সিরিজের ‘ব্রাভিয়া ৩ মার্ক টু’ মডেলের টিভিও বাজারে এসেছে, যা ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত মোট সাতটি আকারে পাওয়া যাবে। একই সাথে তিন স্পিকারবিশিষ্ট তারহীন হোম থিয়েটার সিস্টেম ‘ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো’ উন্মোচন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে সনির অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান সনি স্মার্ট ও সনি র্যাংগসের শোরুমগুলোতে পণ্যগুলো পাওয়া যাবে। তবে বিস্তারিত দাম ও বিক্রির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

