বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন বৃটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, বাংলাদেশে দুর্নীতির অভিযোগ তুলে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পর তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল। বৃটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় টিউলিপের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে একটি আদালত দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ড দেয়। একই সঙ্গে আরও ১৬ জনের বিচার হয় ওই মামলায়। অভিযোগ ছিল, ঢাকার উপকণ্ঠে প্লট বরাদ্দ পেতে তিনি খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন। লন্ডনে বসবাসরত টিউলিপ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে পুরো ঘটনাটি তাকে বিস্মিত করেছে।
এক পডকাস্ট সাক্ষাৎকারে টিউলিপ এই বিচারপ্রক্রিয়াকে ‘বিদ্বেষমূলক’ ও ‘কাফকাস্ক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শেখ হাসিনা ও ইউনূসের দীর্ঘদিনের বিরোধের জেরে তিনি পার্শ্বক্ষতিকর শিকার হয়েছেন। এক অভিজ্ঞ আইনজীবী তাকে পরামর্শ দিয়েছেন যে, ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি রয়েছে। এ নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ইউনূসের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। টিউলিপ জানান, তার আইনজীবীরা বারবার চেষ্টা করেও তার বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো জবাব পাননি। এমনকি তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলে থাকা অবস্থায় ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন এবং সরাসরি সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু ইউনূস তাতে সাড়া দেননি। ২০২৫ সালের গ্রীষ্মে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেন। তার পক্ষে সাজা ভোগ করার সম্ভাবনাও নেই।
টিউলিপ বলেন, নিজের নির্দোষিতা সম্পর্কে নিশ্চিত থাকায় বিচারপ্রক্রিয়া চলাকালীন তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি। তিনি দাবি করেন, ঘুম থেকে উঠে স্কাই নিউজের সতর্কবার্তা দেখে প্রথম জানতে পারেন যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়া, এই প্রতিকূল সময়ে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনের কথাও তিনি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকাকালীন স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন। টিউলিপ বলেন, স্টারমারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক প্রচেষ্টায় তিনি যুক্ত ছিলেন, কিন্তু তাকে নিয়ে বিতর্ক স্টারমারের সরকারের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলেই মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। স্টারমারের ক্ষমতাচ্যুতি তার জন্য বেদনাদায়ক ছিল উল্লেখ করে তিনি বলেন, নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে লেবার পার্টি আবারও সরকার গঠন করবে বলে তার প্রত্যাশা। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লে তার ১৫ বছরের শাসনামলে সংঘটিত অপরাধের দায়ে অনুপস্থিতিতেই বিচারকার্য পরিচালিত হয়েছে। টিউলিপ বলেন, ‘কিয়ারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক প্রচেষ্টার অংশ ছিলাম আমি। অথচ শেষ পর্যন্ত আমিই তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলাম। বার্নহ্যাম সেই লক্ষ্য পূরণ করতে পারলে নিজের ব্যক্তিগত দুঃখ ভুলে দল ও সরকারের সাফল্যের দিকেই মনোযোগ দিতে চান তিনি।

