তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই লক্ষ্য তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধাকে কাজে লাগিয়েই উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ।

বিজ্ঞানের অগ্রযাত্রায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের প্রয়োজনীয় সুযোগ ও সহায়তা দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করা। এই স্বপ্ন পূরণে দেশের তরুণদের মেধা ও অদম্য উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর তিনি জোর দেন।

উদ্ভাবনী কর্মকাণ্ডকে গতিশীল রাখতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, কোনো মেধাবী উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, তা নিশ্চিত করতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ করেছে। বিজ্ঞানের ক্ষেত্রে পিছিয়ে থাকলে দেশ ও জাতি উন্নত হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।