সুইজারল্যান্ডের রাজধানী বার্নে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিন এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। সুইজারল্যান্ডে আমিরের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। বার্নেরহফে আয়োজিত এই আনুষ্ঠানিক আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বৈজ্ঞানিক গবেষণা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠকের শুরুতেই সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন কাতারের আমির ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, আমিরের এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সুইস প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে সকল খাতে অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এর জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সুইস সরকার ও জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুইজারল্যান্ডে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন।
এর আগে আমির বার্নের ফেডারেল প্যালেসে সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলি পরিদর্শন করেন। সেখানে ফেডারেল কাউন্সিল ও অ্যাসেম্বলির সামনে দেওয়া ভাষণে আমির উল্লেখ করেন যে, কাতার ও সুইজারল্যান্ডের অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে রাজনৈতিক সংলাপ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি, জ্বালানি ও স্বাস্থ্যসেবা খাতে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য ক্রমশ বিকশিত হচ্ছে। আমির আরও বলেন, কাতার ন্যাশনাল ভিশন ২০৩০-এর লক্ষ্যগুলো অর্জনে সুইজারল্যান্ডের প্রযুক্তি, উদ্ভাবন ও শিক্ষা খাতের অভিজ্ঞতা অত্যন্ত সহায়ক হবে। এ ছাড়া শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্য এবং স্থায়িত্বের যে কাঠামো প্রদান। উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের মতো অংশীদারদের সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
আঞ্চলিক অস্থিরতা নিরসনে নিজের অবস্থান তুলে ধরে আমির বলেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সংলাপের কোনো বিকল্প নেই। একইসঙ্গে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকার প্রশংসা করেন সুইস প্রেসিডেন্ট। তিনি জানান, ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে দুই দেশ তাদের আর্থিক ও বৈজ্ঞানিক সহযোগিতা কার্যক্রম আরও জোরদার করবে। এছাড়া ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে কাতারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি, অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারি, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-থানি। সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস, অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার এবং পরিবেশ, পরিবহন, জ্বালানি ও যোগাযোগমন্ত্রী আলবার্ট রোস্তি। বৈঠকে সুইজারল্যান্ডের সভাপতিত্বকালে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় কাতারের অংশগ্রহণকেও স্বাগত জানানো হয়।

