সাবেক স্বৈরাচারী সরকারের সময় গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারণে বেশ কিছু দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ওই সময়ে বিদেশ গমনের ক্ষেত্রে মানুষকে প্রতারিত করা একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সিন্ডিকেটের লোকজন বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া স্থগিত বা ধীরগতি করে দিয়েছিল। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়াতে গমন করে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে সরকার ওই জটিলতা সফলভাবে নিরসন করেছে। এখন সম্পূর্ণ বিনা খরচে প্রায় ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০ হাজারের মধ্যে ১ হাজার জন বিগত স্বৈরাচারী শাসনামলে গুম বা হত্যার শিকার হওয়া ব্যক্তি, অথবা ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য। এছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গেও নতুন করে জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা চলছে। বেশ কিছু দেশ গাড়ি চালকসহ বিভিন্ন পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। যারা মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, সেসব সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান বলেও তিনি উল্লেখ করেন। আমরা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ যাওয়ার যে খরচটি লাগে, সেই খরচটি ব্যয় করার মাধ্যমে প্রায় ১০,০০০ মানুষকে পাঠাতে সক্ষম হব। এই ১০,০০০ এর মধ্যে ১,০০০ বিগত স্বৈরাচারের সময়ে যারা গুম, খুনের শিকার হয়েছে, ২৪-এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা আহত হয়েছে, এরকম মানুষ ১ হাজারের মতো।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাড়াতে সরকার নানামুখী সংস্কার করেছে। হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজতর করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের তফসিলি ব্যাংক ও বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন করা হয়েছে, যা রেমিট্যান্স পাঠানোর নতুন ও দ্রুত মাধ্যম তৈরি করেছে। এছাড়া বৈধ পথে অর্থ পাঠানো উৎসাহিত করতে নগদ প্রণোদনা প্রদানের পাশাপাশি প্রতিযোগিতা বাড়ায় ট্রান্সফার খরচও কমেছে বলে তিনি জানান।

