নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের কর্মসূচিকে ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে দলটির নেতাকর্মীরা মরিয়া হয়ে উঠেছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুকে পুঁজি করে অনেকদিন ধরেই দলটি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ইতোমধ্যে অন্তত ২১টি জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ এবং গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে দলটির নেতাদের অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা দেয়ার প্রমাণও পাওয়া গেছে। সূত্রমতে, বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা পলাতক শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে তৎপরতা চালিয়ে আসছে।
তদন্তকারী সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছে দলটি। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় থাকা নেতাকর্মীদের একটি বড় অংশ সমপ্রতি ভারতের কলকাতায় জড়ো হয়েছেন। সেখান থেকেই বাংলাদেশে নাশকতার ইন্ধন দেয়া হচ্ছে এবং ডিসেম্বরের পরিকল্পনা সাজানো হচ্ছে। চলতি মাসেই কলকাতা থেকে অনেক নেতাকর্মী সীমান্ত পার হয়ে দেশে ঢুকেছে বলে অভিযোগ রয়েছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা মূলত দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবেই ঘটছে। নেতারা কলকাতায় বসে ডিসেম্বরের ছক কষছেন। এখন পর্যন্ত গোপালগঞ্জসহ যেসব স্থানে নাশকতা হয়েছে সেগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে।
নাশকতার নতুন ছক সীমান্তবর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। আগামী ১৯শে নভেম্বর নিষিদ্ধ সংগঠনের ডাকা সর্বাত্মক লকডাউন ঘিরে সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয় এবং বাসাবাড়িতে হামলার পরিকল্পনা করা হয়েছে বলে তথ্য রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নাশকতার জন্য সীমান্ত পথে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র চোরাচালান করা হচ্ছে। এর প্রমাণ হিসেবে গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা-বাগান সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪৮টি হাই পাওয়ার জেল বিস্ফোরক, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে। এই চালানকে বড় ধরনের নাশকতার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের এসপিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের মূল ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তুরাগ থানা পুলিশ জানায়, মাস্ক পরা দুই ব্যক্তি অফিসের বাইরের স্টিলের গেটে আগুন ধরিয়ে দেয়। তবে গেটটি স্টিলের হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফটকটি স্টিলের হওয়ায় আগুন ছড়াতে পারেনি, কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই নিভে যায়।

