কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা

কাতারে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘শেখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি’ পবিত্র কুরআন প্রতিযোগিতার ‘আউয়াল আল-আওয়ায়েল’ বা সেরাদের সেরা পর্বের ফাইনালে স্থান করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি তরুণ উসামা মাওলানা মুহাম্মদ। সিলেটের শাহপরান থানার খাদিমপাড়ার বাসিন্দা উসামা দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন। তাঁর বাবা মরহুম মাওলানা শিহাবুদ্দীন কাতারের একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সিলেট জেলায় শাহপরান থানায় খাদিমপাড়া এলাকায় তাঁর বাড়ি।

এ বছরের প্রতিযোগিতায় চূড়ান্ত ১০ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন উসামা। আগামী বৃহস্পতিবার, ১৯ নভেম্বর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। এবারের আসরে বিজয়ীর জন্য ১০ লাখ কাতারি রিয়াল পুরস্কার নির্ধারণ করা হয়েছে। উসামার এই অর্জনে কাতারের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত বিজয়ী এখনো ঘোষণা করা হয়নি; এবার শীর্ষ পুরস্কার কার হাতে উঠবে, তা জানা যাবে ১৯ নভেম্বর।

এর আগেও উসামা কাতারের কুরআন প্রতিযোগিতায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০২২ সালে মাত্র ১৪ বছর বয়সে শেখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি পবিত্র কুরআন প্রতিযোগিতার একটি শাখায় প্রথম স্থান অধিকার করে ১ লাখ রিয়াল পুরস্কার জিতেছিলেন। সেই সাফল্যের ধারা অব্যাহত রেখে এবার তিনি চূড়ান্ত পর্বে ১০ লাখ রিয়ালের পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন। আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসেম বিন মুহাম্মদ আল থানির নামে সরকারি ব্যবস্থাপনায় প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ফাইনালে উত্তীর্ণ ১০ প্রতিযোগী

  • উসামা মাওলানা মুহাম্মদ: বাংলাদেশ
  • জামালুদ্দিন আবদুস সালাম: লিবিয়া
  • আবদুল ফাত্তাহ আবদুল হামিদ: মিসর
  • উবায়দুল্লাহ বুবকর আঙ্গু: নাইজার
  • আবদুর রহমান আবদুল জলিল: লিবিয়া
  • মুহাম্মদ আদম মুহাম্মদ: চাদ
  • আহমদ ইউসরি মুহাম্মদ: মিসর
  • আহমদ মুহাম্মদ সালেহ: মিসর
  • আহমদ হুসাইন উসমান: লিবিয়া
  • আবদুল হামিদ জুমা: লিবিয়া

চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া প্রতিযোগীদের তালিকায় লিবিয়া থেকে চারজন, মিসর থেকে তিনজন এবং বাংলাদেশ, নাইজার ও চাদ থেকে একজন করে প্রতিযোগী রয়েছেন। এখন কেবল ১৯ নভেম্বরের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা। উসামা অতীতের বিভাগীয় সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় এই পুরস্কারটি অর্জন করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে তাঁর শুভাকাঙ্ক্ষীরা।