সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অসামাজিক কর্মকাণ্ড ও দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে সমন্বয় করে অভিযানটি পরিচালনা করা হয়। স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
সৌদি জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানের পর আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়। প্রয়োজনীয় প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের পরবর্তী বিচারিক সিদ্ধান্তের জন্য পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া নারীদের নাম, পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ছয় নারী কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটিতে সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ রোধ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবেই এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ কিংবা সম্ভাব্য শাস্তির মাত্রা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

