ন্যূনতম মজুরি বাড়ানোসহ একাধিক দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকাল থেকে ওই অঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। কারখানাগুলোর প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিস্থিতির কারণে আরও ৮টি পোশাক কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, চলমান শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড এবং আনাম গার্মেন্টস লিমিটেড।
তালিকায় আরও রয়েছে এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান। মূলত শিল্পাঞ্চলে অস্থিরতা ও উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষিতেই কারখানাগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

