ইরানের সিরিক বন্দরে গভীর রাতে রহস্যময় হামলা ও বিস্ফোরণ

হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে মধ্যরাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরটিতে ‘শত্রুপক্ষের’ সামরিক ধরনের হামলা হয়েছে। গভীর রাতে এই হামলার পরপরই সেখানে দফায় দফায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, সে বিষয়ে সরকারি কোনো পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাটি প্রতিবেদনের কয়েক মিনিট আগেই চালানো হয়েছে।

যদিও নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দেশের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। ইরানের কর্মকর্তারা সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা বোঝাতে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। এদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছিল যে, সিরিক কাউন্টিতে শোনা যাওয়া বিস্ফোরণগুলোর কারণ স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে কোনো জাহাজের বিরুদ্ধে সতর্কতামূলক গুলি ছোড়ার ফলে এই বিস্ফোরণগুলো ঘটে থাকতে পারে।

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক বন্দরের অবস্থান। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই নৌপথটিতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই ঘটনার জেরে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হামলার মূল লক্ষ্যবস্তু কী ছিল বা কারা এই কর্মকাণ্ডের পেছনে জড়িত, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য মেলেনি। ইরানের সরকারি সূত্রগুলো সিরিকে হামলার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত পরিস্থিতি নিয়ে নীরব রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য না পাওয়া গেলেও, এই ঘটনা ঘিরে ওই অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি পর্যালোচনা করছে কর্তৃপক্ষ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।