সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। গত ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সময়ে এই দুই গন্তব্যের মোট ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন ২৩ হাজার ৮৫ জন যাত্রী। শনিবার (৭ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচকের তথ্যমতে, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারওয়েজের ২১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে গন্তব্যে যাওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট বাতিল হওয়ায় এসব যাত্রী আটকা পড়েছেন। ফলে সৌদি আরবগামী বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। মালয়েশিয়ার কথা শুনলেই এখন গায়ে জ্বর ওঠে: প্রবাসী কল্যাণ মন্ত্রী।
হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা ও দাম্মামে হামলার ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করেছিল। পরবর্তীতে সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হলে ফ্লাইট চলাচলে এই দীর্ঘস্থায়ী বিঘ্ন সৃষ্টি হয়। একই সময়ে দাম্মামেও হামলার ঘটনা ঘটে।

