আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

রাতের অন্ধকারে দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা তৈরি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলা সমীচীন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে বিনিয়োগ ও শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পতিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতর থেকে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগিয়ে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে এই নীল নকশা নস্যাৎ করে দিয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা ঠেকাতে গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উসকানির মুখেও বাহিনীগুলো সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়। মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের সাথে আলোচনার মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে দাবি করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ডেটাবেজ বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত বছরের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান। সালাউদ্দিন আহমদ স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, অরাজকতা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সমস্ত তথ্য সরকারের কাছে রয়েছে এবং উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে। কোনো ধরনের সম্মিলিত ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।