পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য সরাসরি কোনো আবেদন করা হয়নি বলে স্পষ্ট করেছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাইকমিশন আনুষ্ঠানিকভাবে এমন কোনো আবেদন গ্রহণ করেনি।

প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, সোমবার সকালে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে একটি ই-মেইল পাওয়া গেছে। সেই বার্তায় শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। তবে তিনি জানান, ই-মেইলটি আসলেই শেখ হাসিনার অনুমতি বা সম্মতি নিয়ে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। এতে কোনো প্রমাণপত্র বা অনুমোদন না থাকায় হাইকমিশন ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। এ সময় তিনি গণমাধ্যমে আসা আবেদন সংক্রান্ত খবরকে অসত্য বলে দাবি করেন। সাইদুর রহমান আরও বলেন, ‘যে ই-মেইলটি এসেছে, সেটি আসলে শেখ হাসিনার পক্ষ থেকে কি না, সেটিও আমরা যাচাই-বাছাই করতে পারিনি। কারণ, সেখানে অনুমোদন বা কোনো প্রমাণাদি ছিল না।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল, আইনজীবীর মাধ্যমে সোমবার নয়াদিল্লিতে এই আবেদন জমা দেওয়া হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর মধ্যেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। দলটির নেতাদের ভাষ্যমতে, প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার আত্মসমর্পণের সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।