দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই চিঠিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের আবেদন জানানো হয়েছে। লন্ডনভিত্তিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স এই চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। তবে চিঠিটি আসলেই শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে হাইকমিশন যথেষ্ট সন্দিহান। চিঠিতে তার অনুমোদনের কোনো প্রমাণ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি পর্যালোচনার জন্য ইতিমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। আইনগতভাবে কোনো পলাতক আসামি পাসপোর্ট পেতে পারেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হওয়ার কোনো অবকাশ নেই। একইসঙ্গে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায় যে, শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তার এই উদ্যোগটি ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের দুই বছরেরও বেশি সময় পর সামনে এল। এই ঘটনার ফলে নতুন করে আইনি ও রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায়।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার কর্তৃক হাসিনার বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে তার মক্কেলের জন্য নতুন নথিপত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে হাইকমিশন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

